২০২৬ ফিফা বিশ্বকাপে রানারআপের গৌরব অর্জন করায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শিরোপা নির্ধারণী রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হারের কিছুদিন পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে একটি আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
এএফএ কর্তৃক প্রকাশিত ওই চিঠিতে ইনফান্তিনো লেখেন, গত ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সির মাঠে অনুষ্ঠিত স্নায়ুচাপের ফাইনালে স্পেনের বিপক্ষে দারুণ লড়াই শেষে আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের রৌপ্য পদক নিশ্চিত করেছে। এই গৌরবময় অর্জনের জন্য আপনাকে ও আপনার দলকে আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে খেলার কীর্তিকে বিশেষ মূল্যায়ন করে ফিফা সভাপতি উল্লেখ করেন, এমন সাফল্য মূলত আর্জেন্টাইন ফুটবলের ধারাবাহিক উন্নতি এবং কৌশলী কাঠামোরই বড় প্রমাণ।
বিশ্বকাপ আসরের সার্বিক সাফল্য নিয়ে ইনফান্তিনো বলেন, ২০২৬ সালের এই আসরটি বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় উৎসব হিসেবে খোদাই করা থাকবে। রোমাঞ্চকর লড়াই, নতুন নতুন প্রতিভার মেলা, বিশ্বসেরা তারকাদের অনবদ্য উপস্থিতি এবং কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের উন্মাদনা এই আসরকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।
আর্জেন্টাইনদের নৈপুণ্য স্মরণ করে তিনি আরও লেখেন, আর্জেন্টিনা দলের চমৎকার পারফরম্যান্স এই বিশ্বকাপকে অনেক বেশি উপভোগ্য ও স্মরণীয় করে তুলেছে, যা পৃথিবীর কোটি কোটি ফুটবলপ্রেমী মানুষকে বিমোহিত করেছে।
চিঠিতে ফিফা সভাপতি এই সাফল্যের পেছনে কেবল খেলোয়াড়দের অবদান নয়, বরং প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, চিকিৎসা দল এবং পুরো টুর্নামেন্টজুড়ে উৎসাহ দেওয়া অগণিত সমর্থকের ভূয়সী প্রশংসা করেন।
ইনফান্তিনোর ভাষায়, এই ধরনের আন্তর্জাতিক সাফল্য কিন্তু রাতারাতি আসে না; এটি ধারাবাহিক কঠোর পরিশ্রম, পেশাদার মনোভাব, নিখুঁত পরিকল্পনা, আবেগ ও ফুটবলের প্রতি গভীর নিষ্ঠার ফল।
ইনফান্তিনো আশাবাদ ব্যক্ত করে বলেন, এই রানারআপ পারফরম্যান্স আলবিসেলেস্তেদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এবং সামনে তাদের আরও বড় বড় অর্জনের পথ সুগম করবে।
চিঠির শেষাংশে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়ে ফিফা সভাপতি লেখেন, ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে ও আপনার দলকে শুভকামনা। দ্রুতই কোনো আন্তর্জাতিক মঞ্চে আবার দেখা হবে বলে আশা প্রকাশ করছি।
সময়ের আলো/জেডি