২০২৬ বিশ্বকাপে মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) একটি বিতর্কিত ই-মেইলকে ঘিরে ফুটবল অঙ্গনে তীব্র আলোচনা তৈরি হয়েছে। সাংবাদিকদের কাছে এএফএর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো ওই ই-মেইলে দাবি করা হয়, আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচ শেষে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ওই ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ের এবং ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাদের পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানায়।
এর মধ্যেই এএফএর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো ওই ই-মেইলটি নতুন বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা ক্যালে জানিয়েছে, ই-মেইলে মিশরের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়েছিল, যা এএফএর আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
বিতর্কের পরপরই এ বিষয়ে বিবৃতি দেয় এএফএ। সংস্থাটি জানায়, তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এএফএর ভাষ্য, তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তাগুলো তাদের তৈরি বা অনুমোদিত নয়। অননুমোদিতভাবে সিস্টেমে প্রবেশ করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এএফএর অভ্যন্তরীণ সূত্রের দাবি, ঘটনার পেছনে মিশরীয় বংশোদ্ভূত কোনো হ্যাকার গ্রুপ জড়িত থাকতে পারে। একই সঙ্গে সংস্থাটি তাদের অ্যাকাউন্ট থেকে আসা যেকোনো অস্বাভাবিক লিংক বা সংযুক্তি (অ্যাটাচমেন্ট) এড়িয়ে চলার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
মাঠের উত্তেজনার পাশাপাশি সাইবার হামলার এই ঘটনাও এখন ২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
সময়ের আলো/আরবিএন