বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। শেষ চারে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। শিরোপার অন্যতম দুই দাবিদারের লড়াইকে সামনে রেখে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।
ইয়ামাল বলেন, আমরা ফ্রান্সকে ভয় পাচ্ছি না। বরং তাদেরই আমাদের ভয় পাওয়া উচিত। কারণ আমরা তাদের দুইবার হারিয়েছি। যদি কেউ আত্মবিশ্বাসের সঙ্গে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারে, তাহলে সেটা আমরাই। আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের সেরা দুটি দলই স্পেন ও ফ্রান্স।
সেমিফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমরা সবাই খুব খুশি ও উচ্ছ্বসিত। মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব। সমর্থকদের প্রতি আহ্বান, তারা আমাদের ওপর আস্থা রাখুক এবং সেমিফাইনালে ওঠার এই অর্জন উদযাপন করুক।
ফ্রান্সের বিপক্ষে কৌশলগত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের প্রত্যাশা করে বার্সেলোনার এই ফুটবলার বলেন, আমি আশা করছি তারা আমাদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে, যদিও পুরো ম্যাচজুড়ে নয়। কোনো দলই পুরো মাঠে এক বনাম এক লড়াই চালিয়ে যেতে পারে না। আমরা জানি, ফ্রান্সের দলে সব পজিশনেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং তারা শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলে। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলব এবং বলের দখল ধরে রাখার চেষ্টা করব। আমি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব। জানি সবকিছু ভালো হবে। ম্যাচের জন্য আমি প্রস্তুত এবং সেই দিনের অপেক্ষায় আছি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন ও ফ্রান্সের মধ্যকার স্মরণীয় লড়াইয়ের কথাও স্মরণ করেন ইয়ামাল। ওই ম্যাচে তার দুর্দান্ত গোলে সমতায় ফেরার পর ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্পেন। সেই স্মৃতি টেনে তিনি বলেন, আশা করি এবারও তেমন কিছু হবে। আমি সত্যিই চাই, সেই দিনটি দ্রুত চলে আসুক।
স্পেন ও ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বুধবার রাত ১টায়। ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে। ফ্রান্স জিতলে এটি হবে তাদের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল; এর আগে ২০১৮ সালে তারা চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে রানার্সআপ হয়েছিল। অন্যদিকে স্পেনের জন্য এটি হবে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ফাইনাল।
সময়ের আলো/আরবিএন