ফ্রান্সকে ভয় নয়, বিশ্বকাপ জিততেই এসেছি : মরক্কো কোচ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী মরক্কো। দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু সেমিফাইনালে

2026-07-09T14:58:01+00:00
2026-07-09T14:58:01+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
খেলা
ফ্রান্সকে ভয় নয়, বিশ্বকাপ জিততেই এসেছি : মরক্কো কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম 
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ ওয়াহবি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী মরক্কো। দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু সেমিফাইনালে ওঠা নয়, বিশ্বকাপ শিরোপা জয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ফ্রান্সকে চমকে দেওয়ার মতো কোনো গোপন পরিকল্পনা নেই। দুই দলই একে অপরের খেলার ধরন সম্পর্কে ভালোভাবে জানে। মাঠে যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই জয় পাবে।

তিনি বলেন, মরক্কো রক্ষণাত্মক ফুটবল খেলবে না। বরং বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তুলতে চায় দল। মাঝমাঠ ও দুই প্রান্তের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ফ্রান্সকে চাপে ফেলার পরিকল্পনা রয়েছে।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রসঙ্গ টেনে ওয়াহবি বলেন, সেই ম্যাচের সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো তুলনা চলে না। দুই দলের খেলোয়াড় ও বাস্তবতা বদলে গেছে। তাই অতীত নয়, বর্তমান ম্যাচেই মনোযোগ দিচ্ছেন তারা।


ফ্রান্সকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও ভয় পাচ্ছেন না বলে জানান মরক্কো কোচ। তিনি বলেন, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে মরক্কোর।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য প্রসঙ্গে ওয়াহবি বলেন, ‘অনেকে বলছেন আমরা অনেক দূর চলে এসেছি। কিন্তু আমি তা মনে করি না। আমাদের লক্ষ্য শুধু কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো অর্জন উদযাপন করতে চাই না।’ 

তিনি আরও বলেন, ফ্রান্সকে হারাতে হলে খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদন দেখাতে হবে। ম্যাচ শেষে যেন কোনো আক্ষেপ না থাকে, সে জন্য আমাদের ২০০ শতাংশ উজাড় করে খেলতে হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফ্রান্স  ভয়  বিশ্বকাপ  মরক্কো কোচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: