ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহালড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
কাগজে-কলমে কিংবা মাঠের শক্তিতে— আজকের ম্যাচে স্পষ্ট ফেবারিট লিওনেল মেসির আর্জেন্টিনা। ফুটবল পরিসংখ্যান ও ডাটা অ্যানালিটিক্স সাইট ওপ্টা সুপারকম্পিউটারের ২৫,০০০ প্রাক-ম্যাচ সিমুলেশন বিশ্লেষণ করে জানা গেছে, আজ নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মোহাম্মদ সালাহদের মিসরের অঘটন ঘটানোর সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৮.৫ শতাংশ।
আন্তর্জাতিক ফুটবলে দুই দলের আগের দুই দেখাতেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। প্রথম দেখা হয়েছিল প্রায় এক শতাব্দী আগে, ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকের সেমিফাইনালে। সেবার মিসরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। আর দুই দলের শেষ দেখা হয়েছিল ২০০৮ সালের মার্চে; কায়রোতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের মঞ্চে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে বরাবরই অপ্রতিরোধ্য ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে টানা ৮ ম্যাচ জিতেছে লা আলবিসেলেস্তেরা। শুধু তা-ই নয়, এই ৮ ম্যাচের শেষ ৬টিতেই প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আমেরিকান কোনো দলের বিপক্ষে মিসর এ পর্যন্ত খেলেছে কেবল একটি ম্যাচ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে লুইস সুয়ারেজের উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল ফারাওরা। ফলে ল্যাটিন অঞ্চলের দলের বিপক্ষে বিশ্বকাপে এখনো কোনো জয়ের রেকর্ড নেই তাদের।
সময়ের আলো/কহু