চলমান বিশ্বকাপই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তা এবার স্পষ্ট করেই জানিয়ে দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শেষ ষোলোর ম্যাচেই বিদায় নিতে চান না তিনি। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে রোনালদো বলেছেন, বিশ্বকাপে তার যাত্রা এখানেই শেষ হলেও আশা করছেন, সোমবারের ম্যাচটি যেন তার ক্যারিয়ারের শেষ ম্যাচ না হয়।
ডালাসে সোমবার (৬ জুলাই) স্পেনের বিপক্ষে পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা ৪১ বছর বয়সী রোনালদো বলেন, ফুটবলকে তিনি কোনো আক্ষেপ ছাড়াই বিদায় জানাবেন।
নিজের ক্যারিয়ারের ইতি টানবেন একান্তই নিজের সিদ্ধান্তে এমন কথা জোর দিয়ে বলার পর সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে তিনি বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ হোক; এটিই আমার শেষ বিশ্বকাপ। তবে আমি আশা করি সোমবারের ম্যাচটি যেন আমার শেষ ম্যাচ না হয়।
এর আগে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড স্বীকার করতে চাননি যে এই টুর্নামেন্টই তার শেষ বিশ্বকাপ। যদিও ২০৩০ সালে পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪৫ বছর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, আমি যখন চাইব, তখনই শেষ করব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন-এটাই কি শেষ? দেখা যাবে। আমি এ বিষয়টিকে নিয়ে বাড়তি মনোযোগ আকর্ষণ করতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সোমবার ভালো খেলা।
তিনি আরও বলেন, আমি একেবারে সৎভাবে বলছি, সোমবার যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো হাজার শতাংশ পরিষ্কার বিবেক নিয়েই মাঠ ছাড়বে।
ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে রোনালদো বলেন, আমি ফুটবলকে যা দিতে পেরেছি, তার সবই দিয়েছি। এত বছর ধরে খেলা আমার ভালোবাসা। প্রয়োজনের তাগিদে আমি খেলিনি; জীবনে আমি ভালো অবস্থায় আছি। বিষয়টি আবেগের। আমি জাতীয় দলের হয়ে খেলি এবং ফুটবল খেলতে ভালোবাসি।
বিশ্বকাপ জয়ের চাপ নিজের ওপর নিতে চান না বলেও জানান তিনি। রোনালদো বলেন, সোমবার যা-ই ঘটুক, আমি নিজের ওপর এই চাপ দেব না যে আমাকে অবশ্যই জিততেই হবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত। আমার মনে হয়, আমি খুব খারাপ খেলছি না। আমি তিনটি গোল করেছি; অন্যরা হয়তো আরও ভালো করেছে, কিন্তু আমার মনে হয় আমি খুব একটা খারাপ করছি না।
নির্ভার মেজাজে থাকা রোনালদো স্বীকার করেন, আগের পাঁচটি বিশ্বকাপের তুলনায় এবারের টুর্নামেন্ট তিনি বেশি উপভোগ করছেন। একই সঙ্গে স্পেনকে হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।
রোনালদো বলেন, আমাদের যদি এই বিশ্বাস না থাকত, তাহলে আমরা এখানে থাকতাম না। এটি একটি দারুণ অভিজ্ঞতা। আমরা প্রতিটি ম্যাচে আরও ভালো হচ্ছি। আমরা জানি এটি কঠিন একটি প্রতিযোগিতা এবং সব সময় ভালো খেলা সম্ভব নয়। অনেক ভালো দল ইতোমধ্যেই বিদায় নিয়েছে, আর সেটাই সব বলে দেয়। দল ভালো অবস্থায় আছে, শান্ত আছে এবং ভালোভাবে প্রস্তুত। আমরা কঠিন একটি দলের মুখোমুখি হব, তবে আমার বিশ্বাস আমরা প্রস্তুত থাকব।
স্পেনের বিপক্ষে মাঠে নামলে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে নিজের ২৩৩তম ম্যাচ খেলবেন। রিয়াল মাদ্রিদে টানা নয় মৌসুম কাটানোর কারণে স্পেনের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে।
তবে স্পেনের বিপক্ষে তার গোলের রেকর্ড খুব ভালো নয়। এই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি মাত্র চারটি গোল করেছেন। এর মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-৩ ড্র হওয়া ম্যাচে করা একটি হ্যাটট্রিক।
সময়ের আলো/আরবিএন