মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক

ক্রীড়া ডেস্ক

খেলা

আজকের পর হয়তো নিজের তল্পিতল্পা গুটিয়ে তান্ত্রিক ব্যবসাটাকেই বিদায় জানাতে হবে তাকে! চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক চমকপ্রদ

2026-07-04T12:51:05+00:00
2026-07-04T12:51:05+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
আজকের পর হয়তো নিজের তল্পিতল্পা গুটিয়ে তান্ত্রিক ব্যবসাটাকেই বিদায় জানাতে হবে তাকে! চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক চমকপ্রদ ও নির্ভুল ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন ঘানার সেই স্বঘোষিত ‘উইচ ডাক্তার’ নানা কওয়াকু বোনসাম। কিন্তু অতি লোভে তাঁতি নষ্টের মতোই, এবার একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছিলেন এই তান্ত্রিক। আর্জেন্টিনা ও নবাগত কেপ ভার্দের ম্যাচ নিয়ে বুক ফুলিয়ে বলেছিলেন—আজ বিদায়ঘণ্টা বাজবে বিশ্বচ্যাম্পিয়নদের, রূপকথা গড়বে কেপ ভার্দে। কিন্তু মাঠের লড়াইয়ে মেসির দল ৩-২ ব্যবধানের এক রুদ্ধশ্বাস জয় তুলে নিতেই তান্ত্রিকের সব গণনা স্রেফ বাতাসে উড়ে গেল!

এমন মহানাটকীয়ভাবে ভবিষ্যদ্বাণী মাঠে মারা যাওয়ার পর বোনসামের আধ্যাত্মিক ক্ষমতার ওপর বিশ্বাস রাখা মানুষের সংখ্যা যে রাতারাতি শূন্যে নেমে আসবে, তা বলাই বাহুল্য। তার জ্যোতিষী ব্যবসায় এখন ‘লাল বাতি’ জ্বলার জোগাড়।

অথচ এই আসরেই কী দাপটটাই না দেখিয়েছেন তিনি! বিশ্বকাপের শুরুতেই ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ওপর এক গোপন ‘অভিশাপ’ দেওয়ার দাবি করে আলোচনায় এসেছিলেন বোনসাম। আশ্চর্যজনকভাবে, দুর্দান্ত ফর্মে থাকা কেইন গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে গোল করতেই ব্যর্থ হন। এরপরের ধাপে তিনি বাজি ধরেছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে, দাবি করেছিলেন-রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে হারবে লুকা মদ্রিচের দল। সেটিও হুবহু মিলে যায়।

টানা সফলতায় আত্মবিশ্বাসের পারদ এতটাই চড়ে গিয়েছিল যে, শেষমেশ পা হড়কালেন ফুটবলের ঈশ্বর লিওনেল মেসির ডেরায় এসে। কোনো এক অজানা সাহসে ভর করে তিনি ঘোষণা দেন, প্রথমবারের মতো বিশ্বকাপে আসা কেপ ভার্দের কাছে হেরে বিশ্বমঞ্চ থেকে ছিটকে যাবে আর্জেন্টিনা।


তার এই সাহসী ও বিস্ফোরক ভবিষদ্বাণী ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। কেউ কেউ বিষয়টিকে স্রেফ পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন, আবার কেউ কেউ বোনসামের অতীতের ট্র্যাক রেকর্ড দেখে মনে মনে কিছুটা শঙ্কাতেও পড়ে গিয়েছিলেন।

কিন্তু ম্যাচের সময় যত ঘনিয়ে আসছিল, তান্ত্রিক মহাশয় নিজেই বুঝি নিজের গণনার ওপর আস্থা হারাতে শুরু করেছিলেন! আর তাই তো ম্যাচ শুরুর ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে এমন এক কাণ্ড করে বসলেন, যা দেখে চোখ চড়কগাছ সবার।

যিনি কদিন আগেও চিৎকার করে বলছিলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’, সেই বোনসামই রাতারাতি ডিগবাজি খেয়ে ইনস্টাগ্রামে মেসির প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন! মেসির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন: ‘নানা কওয়াকু বোনসাম তোমাকে অনেক ভালোবাসে, আমার ভাই মেসি। ‘কোফি’-এর আধ্যাত্মিক শক্তি তোমার সঙ্গে থাকুক। তোমার শক্তি অটুট থাকুক।’

তাসের ঘরের মতো ভবিষ্যদ্বাণী ভেঙে যাওয়ার পর তান্ত্রিকের এই আকস্মিক ‘মেসি-প্রেম’কে অবশ্য আর্জেন্টিনার সমর্থকেরা মোটেও সহজভাবে নিচ্ছেন না। ভালোবাসার বাণী শুনিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই; তান্ত্রিকের এমন ঔদ্ধত্যপূর্ণ ভবিষ্যদ্বাণীতে আলবিসেলেস্তে ভক্তরা যে বেজায় চটে আছেন, তা মায়ামির গ্যালারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়াল-সবখানেই স্পষ্ট!

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মেসি  ম্যাজিক  ঘানা  তান্ত্রিক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: