পেনাল্টি নেওয়ার আগে রোনালদো কি আসলেই ‘বিসমিল্লাহ’ বলেছেন?

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি শট নেওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠোঁট নাড়ানোর একটি দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে।

2026-07-03T17:53:40+00:00
2026-07-03T21:14:47+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
পেনাল্টি নেওয়ার আগে রোনালদো কি আসলেই ‘বিসমিল্লাহ’ বলেছেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৯:১৪ পিএম
পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি শট নেওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠোঁট নাড়ানোর একটি দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে। ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা শট নেওয়ার ঠিক আগে আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ বলেছেন।

পর্তুগালের নাটকীয় জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। তবে সেই গোলের চেয়েও এখন বেশি চর্চা হচ্ছে পেনাল্টি স্পটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ নিয়ে। ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে রোনালদো কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ছেন। যদিও ভিডিওতে কোনো স্পষ্ট শব্দ শোনা যায়নি, তবে তার ঠোঁটের এই নড়াচড়া ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। অনেক সমর্থক দাবি করছেন, রোনালদো শট নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছেন; এমনকি কেউ কেউ দাবি করছেন তিনি শব্দটি দুইবার উচ্চারণ করেছেন। এই গুঞ্জনের ওপর ভিত্তি করে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। তবে তারাও স্পষ্ট জানিয়েছে যে, শুধু ভিডিও দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় রোনালদো আসলে ঠিক কী বলছিলেন।


অবশ্য রোনালদোকে ঘিরে এমন গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই সেখানকার স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে তাকে বেশ মানিয়ে নিতে দেখা গেছে। এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি ‘বিসমিল্লাহ’ বলেন বলে গুঞ্জন উঠেছিল। তবে পূর্বের ঘটনাগুলোর মতোই এবারও কোনো নির্ভরযোগ্য বা অডিও প্রমাণ মেলেনি। এই বিষয়ে রোনালদো বা পর্তুগাল দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অযাচাইকৃত দাবি হিসেবেই রয়ে গেছে।

ম্যাচের মাঠের লড়াইয়ে অবশ্য দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সিআরসেভেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর চাপের মুখে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এর মাধ্যমে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে গোলের দেখা পেলেন এই মহাতারকা। পরবর্তীতে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের নাটকীয় গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।


সময়ের আলো/আরবিএন


  বিষয়:   ক্রোয়েশিয়া  ক্রিশ্চিয়ানো রোনালদো  পর্তুগাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: