বিশ্বকাপে ইকুয়েডরের ইতিহাসে নতুন অধ্যায় রচনার লক্ষ্য নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সেবাস্তিয়ান বেক্কাচেচে। তবে শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে দেশের সর্বোচ্চ সাফল্যের রেকর্ড গড়ার সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইকুয়েডরের এই কোচ।
গ্রুপ পর্বে ইউরোপের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। কিন্তু বুধবার শেষ বত্রিশের ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় লাতিন আমেরিকার দলটির।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ৪৫ বছর বয়সী বেক্কাচেচে জানান, টুর্নামেন্ট পর্যন্তই ছিল তার চুক্তির মেয়াদ।
তিনি বলেন, ‘বিশ্বকাপ দিয়ে আমাদের চুক্তি শেষ হলো। আমরা যে কীর্তি গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম-ইকুয়েডরের ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার; আমরা মনে হয় না আমরা সেটা পূরণ করতে পেরেছি। তাই আজ আমার বিদায় বলার পালা।’
তিনি আরও বলেন, ‘এই কারণে আমাকে দায়িত্ব ছাড়তে হবে। আমি অবশ্যই দায়িত্বে থাকতে চাইতাম, কারণ খেলোয়াড় ও কর্তৃপক্ষের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তাতে চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি বুঝি এই পেশা কীভাবে কাজ করে। কষ্ট লাগছে, তবে সিদ্ধান্তটি পরিষ্কার ছিল।’
আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা বেক্কাচেচে ২০২৪ সালে একুয়েডর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন।
সময়ের আলো/আরবিএন