রেকর্ড ভাঙা-গড়ার খেলা : যেখানে ব্রাজিল ও জার্মানির ‘টম অ্যান্ড জেরি’র দ্বৈরথ

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে রেকর্ড ভাঙা-গড়ার এক রোমাঞ্চকর খেলা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রদের

2026-06-25T21:28:32+00:00
2026-06-25T21:28:32+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
রেকর্ড ভাঙা-গড়ার খেলা : যেখানে ব্রাজিল ও জার্মানির ‘টম অ্যান্ড জেরি’র দ্বৈরথ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:২৮ পিএম 
জার্মানি ফুটবল দল। ছবি : সংগৃহীত
চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে রেকর্ড ভাঙা-গড়ার এক রোমাঞ্চকর খেলা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রদের মধ্যে গোল্ডেন বুট জয়ের তীব্র প্রতিযোগিতা যেমন জমে উঠেছে, তেমনি দলগতভাবেও চলছে সমানে সমান দ্বৈরথ। বিশেষ করে বিশ্বমঞ্চে গোল করার পরিসংখ্যানে ব্রাজিল ও জার্মানির মধ্যে যেন ‘টম অ্যান্ড জেরি’র মতো এক ইঁদুর-বিড়াল দৌড় শুরু হয়েছে; যেখানে কখনো ব্রাজিল তো কখনো জার্মানি একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে।

শীর্ষের লড়াইয়ে জার্মানিকে পেছনে ফেলল সেলেসাওরা

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচটি মাঠে গড়ানোর আগে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ২৪১ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিল ব্রাজিল ও জার্মানি। তবে আজ স্কটিশদের ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এককভাবে এই রেকর্ডের চূড়ায় আরোহণ করল সেলেসাওরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ব্রাজিলের সর্বমোট গোলসংখ্যা এখন ২৪৪। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই রেকর্ড কতক্ষণ টিকে থাকবে, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ, বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি। বিশ্বমঞ্চে জার্মানদের চেনা ভয়ংকর রূপের কথা বিবেচনা করলে, আজ রাতেই হয়তো ব্রাজিলের কাছ থেকে শীর্ষস্থানের সিংহাসনটি আবারও নিজেদের দখলে নিয়ে নিতে পারে তারা।


১৪ জুন থেকে শুরু হওয়া সেই ‘টম অ্যান্ড জেরি’র লড়াই

লাতিন ও ইউরোপীয় এই দুই পরাশক্তির মধ্যকার এই রেকর্ড ভাঙার মূল লড়াইটি শুরু হয়েছিল গত ১৪ জুন। সেদিন ভোরে নিউজার্সিতে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচ শেষে ২৩৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি তখনো ব্রাজিলের দখলেই ছিল। কিন্তু একই রাতে হিউস্টনে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের মোট গোলসংখ্যা ২৩৯-এ নিয়ে যায় জার্মানি, যার ফলে এক ঝটকায় রেকর্ডটি ওলটপালট হয়ে যায়।

রেকর্ড হাতবদল ও জার্মানির নকআউট নিশ্চিত

২৩৯ গোলের সেই রেকর্ডটি অবশ্য এক সপ্তাহও ধরে রাখতে পারেনি জার্মানরা। গত ২০ জুন ভোরে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি আবারও নিজেদের করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওই তিন গোলের পর সেলেসাওদের গোলসংখ্যা দাঁড়ায় ২৪১। কাকতালীয়ভাবে একই রাতে জার্মানিরও ম্যাচ ছিল, তবে এবার আর তারা ব্রাজিলকে টপকে যেতে পারেনি। টরন্টোতে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে জয় পায় জার্মানি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরা এই জয়ের সুবাদে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা।

গোল্ডেন বুটের দৌড়ে ভিনিসিয়াস

আজ সকালে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং অন্য গোলটি এসেছে মাথিয়াস কুনিয়ার পা থেকে। এই জয়ে জার্মানিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে চলে এসেছেন ভিনি। বর্তমানে ৫টি গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। আর ৪টি করে গোল নিয়ে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং ভিনিসিয়াস জুনিয়র।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ব্রাজিল  জার্মানি  টম অ্যান্ড জেরি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: