পারস্যের দেয়াল আলিরেজা

ক্রীড়া ডেস্ক

খেলা

গোলপোস্টের নিচে তিনি যেন ছিলেন এক অদম্য প্রাচীর। বেলজিয়ামের তারকাবহুল আক্রমণভাগ বারবার ইরানের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই শেষ

2026-06-23T05:47:05+00:00
2026-06-23T05:47:05+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
পারস্যের দেয়াল আলিরেজা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৭ এএম 
ইরানি গোলরক্ষক আলিরেজা সাফার বেইরানভান্দ। সংগৃহীত ছবি
গোলপোস্টের নিচে তিনি যেন ছিলেন এক অদম্য প্রাচীর। বেলজিয়ামের তারকাবহুল আক্রমণভাগ বারবার ইরানের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই শেষ ভরসা হয়ে সামনে দাঁড়িয়েছেন ইরানি গোলরক্ষক আলিরেজা সাফার বেইরানভান্দ। তার দুর্দান্ত সব সেভ আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে গোলশূন্য ড্রয়ে শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিয়ে বিশ্বকাপে বড় এক বার্তা দিয়েছে ইরান। শুধু এক পয়েন্টই নয়, এই ড্রয়ের সুবাদে গ্রুপ ‘জি’র শীর্ষস্থানও দখল করেছে এশিয়ার প্রতিনিধিরা। নাটকীয়তায় ভরা ম্যাচে ছিল বাতিল হওয়া গোল, লাল কার্ড, উত্তেজনাপূর্ণ আক্রমণ-পাল্টা আক্রমণ এবং শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফলের অনিশ্চয়তা।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট ছিল বেলজিয়াম। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে ম্যাচে নামলেও শুরু থেকেই ইরানের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে তারা। আত্মবিশ্বাসী ফুটবল খেলে এশিয়ার দলটি দেখিয়ে দেয়, বিশ্বকাপের মতো আসরে নামের চেয়ে মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বড় বিষয়।

এ ম্যাচে ইরানে ফিফা নতুন নিয়ম অ্যান্টি টাইম ওয়েস্টিং নিয়মে প্রথমবারের মতো শাস্তি পায় ইরান। দ্বিতীয়ার্ধেও ৮৪ মিনিটে ইরানের মিডফিল্ডার এজোতোলাহিকে তুলে নিয়ে স্ট্রাইকার হোসেইনজাদেহকে নামান ইরানের কোচ। কিন্তু ইরানের সেই মিডফিল্ডার নতুন নিয়ম অনুযায়ী ১০ সেকেন্ডের ভেতর মাঠ ত্যাগের নিয়মকে ভঙ্গ করেন এবং স্ট্রাইকারকে মাঠে প্রবেশে দেরি করান। আর এই কারণে ২০২৬ সালে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের তৈরি করা অ্যান্টি টাইম ওয়েস্টিং রুল অনুযায়ী ১০ সেকেন্ড দেরি হওয়ায় বদলি ফুটবলার ততক্ষণ মাঠে প্রবেশ করতে পারবেন না, যতক্ষণ না রেফারি পরবর্তী বাঁশি বাজান এবং খেলা পুনরায় শুরু করেন। এজোতোলাহি মাঠ থেকে উঠতে দেরি করায় প্রায় প্রায় ২ মিনিট ইরানকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। হোসেইনজাদেহ ২ মিনিট পর রেফারি যখন বাঁশি বাজান অফসাইডের সেই সময়ে মাঠে প্রবেশ করেন। 

বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা বার্তা রেখে যায় দলটি, যেখানে বিশ্বজুড়ে শান্তি, পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। ম্যাচ শেষে ইরানি খেলোয়াড়রা স্টেডিয়াম ত্যাগ করার পর ড্রেসিংরুমে পাওয়া যায় ওই হাতে লেখা নোট। পরে সেটি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আসরে এমন বার্তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বার্তায় বলা হয়, হাজার বছরের প্রাচীন পারস্য সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক ও সভ্য ইরান আমাদের জাতির চেতনা এখনও জীবন্ত, দৃঢ় এবং অবিচল। আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছি, সম্মানের সঙ্গে খেলেছি এবং মর্যাদা অক্ষুণ্ন রেখে বিদায় নিচ্ছি।

নোটে লস অ্যাঞ্জেলেস শহরের আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বার্তায় উল্লেখ করা হয়, ইরানের জন্য যারা এই ১৮০ মিনিটে নিজেদের হৃদয়, কণ্ঠ ও আত্মা উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা কামনা করি, বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।

এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়ে চলেছে কেপভার্দে। প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার দেশটি। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে ২১ মিনিটে কেভিন পিনার দারুণ এক ফ্রি-কিকে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় কেপভার্দে। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো সমতা ফেরানোর পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আগুস্তিন কানোপিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পরও লড়াই চালিয়ে যায় কেপভার্দে। ৬১ মিনিটে হেলিও ভারেলার গোলে সমতায় ফেরে দলটি। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় উরুগুয়ে কিন্তু কেপভার্দের দৃঢ় রক্ষণভাগ আর কোনো গোলের সুযোগ দেয়নি। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। দুই ম্যাচ শেষে উভয় দলেরই সংগ্রহ ২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে আর তৃতীয় স্থানে কেপভার্দে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।

সময়ের আলো / আরবিএন 



  বিষয়:   ইরানি গোলরক্ষক  আলিরেজা সাফার বেইরানভান্দ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: