স্পেন-কেপ ভার্দে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন ০-০। শক্তিশালী স্পেনের বিপক্ষে এমন রক্ষণাত্মক লড়াইয়ের কথা হয়তো অনেকেই ভাবেননি, তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনিয়াকে। স্পেনের ক্রমাগত আক্রমণ প্রতিহত করে তারা রক্ষণভাগে রীতিমতো দুর্গ গড়ে তুলেছে।
ম্যাচজুড়ে বলের দখল স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। তবে প্রথমার্ধের শেষ ৫ মিনিটের আগে পর্যন্ত স্প্যানিশরা তেমন কোনো ধারালো আক্রমণ করতে পারেনি। শেষ দিকে এসে তোরেসের একটি শট ক্রসবারে বাধা পায় এবং ফিরতি বলে ওইয়ারসাবালের হেড দুর্দান্ত দক্ষতায় রুখে দেন ভোজিনিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে তিনি দলকে সমতায় রেখেছেন। আধঘণ্টা শেষে স্পেনের শট অন টার্গেট ছিল মাত্র একটি।
আজকের ম্যাচে এক অনন্য রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একই আসরে ৪০ বা তার বেশি বয়সি দুজন ফুটবলারকে খেলতে দেখা গেল। গতকাল জার্মানির হয়ে ম্যানুয়েল নয়ার মাঠে নামার পর, আজ কেপ ভার্দের ভোজিনিয়া এই রেকর্ড পূর্ণ করলেন।
উল্লেখ্য, কেপ ভার্দে আজ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী একাদশ (গড় বয়স ৩১ বছর ২৬ দিন) নিয়ে মাঠে নেমেছে।
সময়ের আলো/জেডি