
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে প্রকাশ্যে কিল-ঘুসি মারার অভিযোগ ওঠে রাজশাহী-১ আসনের সরকারদলীয় এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। ১৫ মিনিট ধরে শিক্ষককে পেটানোর ঘটনায় তোলপাড় চলছে রাজশাহীতে। এমপি এবং মার খাওয়া শিক্ষক প্রথমে অস্বীকার করলেও শিক্ষকের ফাঁস হওয়া কথোপকথনে মারধরের বিষয়টি পরিষ্কার হয়েছে।
এ বিতর্কের রেশ কাটতে না কাটতেই কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে শনিবার সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে মারধরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শিক্ষক, সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের পিটিয়ে গত এক বছরে বেশ কয়েকজন এমপি আলোচনায় এসেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, কয়েকজন এমপির এমন বিতর্কিত কর্মকাণ্ডে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের দাবি, শনিবার জাতীয় সংসদের মেম্বারস ক্লাবের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। কমিটি পছন্দ না হওয়ায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদকে কিল-ঘুসি মারেন। এ ঘটনার পর দুপক্ষের সঙ্গে রোববার সংসদ ভবনে বৈঠক করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
এর আগে গত ১৯ মে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের দুই সহকারী অধ্যাপককে পেটানোর অভিযোগ ওঠে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে। শিক্ষক পেটানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন কলেজ অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান।
এ ছাড়া দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে পিটিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচনায় আসেন বরগুনা-২ আসনের সরকারদলীয় এমপি শওকত হাচানুর রহমান রিমন। গত ২১ মে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বাজারসংলগ্ন স্লুইসঘাট এলাকায় সালিশি বৈঠক ডেকে ফোরকান মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে চড়-থাপ্পড় মারেন।
এমপি রিমন মারধরের কথা স্বীকার করে সে সময় গণমাধ্যমকে বলেছিলেন, একজন মসজিদের ইমামের শরীরে হাত দিয়ে ফোরকান গুরুতর অন্যায় করেছেন। মুসল্লিদের চাপের মুখে এ সালিশ করতে বাধ্য হয়েছি।
এর আগে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর সংসদ সদস্যের মোটরসাইকেল বহরকে সাইড না দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে (৩৮) বেধড়ক মারধর করেন এমপি শওকত হাচানুর রহমান রিমন। এর আগেও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছিল এমপি রিমনের বিরুদ্ধে। গত বছরের ১৬ সেপ্টেম্বর ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসের এক দলিল লেখককে ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু মারধর করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, চেয়ার দিয়ে মারধর করার পাশাপাশি ভুক্তভোগীর মাথা লক্ষ্য করে পানির গ্লাস ছুঁড়ে মারেন সংসদ সদস্য। সরকারি দলের নেতারা বলছেন, জনপ্রতিনিধিদের এমন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও দল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এমপিদের বিতর্কিত আচরণে দলের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়, সেই সঙ্গে এমপির নিজেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তবে এসবের পেছনে অন্য কোনো কারণ আছে কি না অথবা প্রকৃত সত্য আড়াল হয়ে যাচ্ছে কি না সেসব খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহীতে একজন কলেজ অধ্যক্ষকে স্থানীয় এমপির মারধর এবং পরবর্তী সময়ে তাকে চাপ দিয়ে অস্বীকার করানোর বিষয়ে বিব্রত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই ঘটনার তদন্ত রিপোর্ট পেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তার বিচার দিতে চাই। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সময়ের আলোকে বলেন, দলের কোনো এমপি বা নেতার বিতর্কিত কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। তাই কোনো এমপি দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লার এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে মারধরের অভিযোগের বিষয়ে আগামী ২১ জুলাই দুপক্ষের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
এমপিদের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী সময়ের আলোকে জানান, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি এ বিষয়ে কথা বলবেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সময়ের আলোকে বলেন, দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে বিতর্কিত এমপিদের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লার এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে মারধরের অভিযোগের বিষয়ে রোববার সংসদ ভবনে তার সঙ্গে দুপক্ষের আলোচনার বিষয়ে জানতে চাইলে হুইপ বলেন, দুপক্ষের কথা তারা শুনেছেন। তবে ২১ জুলাই এ বিষয়ে আবারও বৈঠক হবে।
এফএইচ