আফগানিস্তানের মানবিক সঙ্কট নিয়ে অব্যাহত সতর্কতার ধারাবাহিকতায় এবার জাতিসংঘ হুঁশিয়ার করেছে, শীত আসার আগেই আফগানিস্তানের লাখ লাখ মানুষের খাবার ফুরিয়ে যেতে পারে। তাৎক্ষণিক প্রয়োজন মেটানো না গেলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় ১০ লাখ শিশুর মৃত্যু হতে পারে।
সোমবার জাতিসংঘের এক উচ্চপর্যায়ের সম্মেলনে আফগান সঙ্কট নিয়ে বলতে গিয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেখানকার মানবিক সঙ্কট নিয়ে সতর্ক করেন। ওই সম্মেলনে জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানকে ১০০ কোটি ডলারেরও (১ বিলিয়ন) বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা কাবুল বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগে সমর্থন দেবে। এদিকে বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে, ভিন্নমতের পঞ্জশিরে ব্যাপক দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তালেবান।
১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেওয়ার পর চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে দেশটি। তালেবান ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ ঘোষণা দেয়, আফগানিস্তান তাদের কাছ থেকে আর কোনো সহযোগিতা আপাতত পাবে না। এদিকে বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। সে ধারাবাহিকতায় সে দেশে চলমান প্রকল্পগুলোতে তহবিল স্থগিত করে বিশ্বব্যাংক। সব মিলে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়ে দেশটি। তালেবান ক্ষমতা নেওয়ার আগে দেশটির জিডিপির এক-তৃতীয়াংশ আসা বিদেশি সহায়তা থেকে। তবে পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর সেখানে হাজার হাজার কোটি ডলারের বৈদেশিক অনুদান হঠাৎ বন্ধ হয়ে যায়। জাতিসংঘ নিজেই এখন আর্থিক চাপে থাকায় তাদের পক্ষে অতিরিক্ত এ চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মহাসচিব গুতেরেস। সেজন্যই জাতিসংঘের পক্ষ থেকে সম্মেলন আহ্বান করে দাতাদের কাছে অর্থ সহায়তা চান গুতেরেস।
সোমবারের জাতিসংঘ সম্মেলনে গুতেরেস বলেন, ‘কয়েক দশকের যুদ্ধ, দুর্ভোগ আর নিরাপত্তাহীনতার পর তারা (আফগান) সম্ভবত তাদের সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি।’ মহাসচিব বলেছেন, এখন প্রতি ৩ আফগানের একজন জানেন না, পরের বেলার খাবার কোথায় মিলবে।
‘কোনোমতে বেঁচে থাকতে দেশটির প্রায় এক কোটি ছেলেমেয়ে মানবিক ত্রাণের ওপর নির্ভরশীল। চলতি বছরই অন্তত ১০ লাখ শিশু ভয়াবহ পুষ্টিহীনতায় আক্রান্ত হতে পারে এবং চিকিৎসা ছাড়া মারা পড়তে পারে,’ বলেছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েতা এইচ ফোর।
১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দাতাদের
সোমবার জেনেভা সম্মেলনে জাতিসংঘ প্রথমে আফগানিস্তানে জরুরি সহায়তা বাবদ আন্তর্জাতিক মহলের কাছে ৬০ কোটি ৬০ লাখ ডলার চেয়েছিল। তবে গুতেরেস সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের জরুরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। বৈঠকে সহায়তার যে আশ্বাস এসেছে, তা জাতিসংঘের চাহিদার চেয়ে বেশি।
কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইইউ
কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিমানবন্দরটি ফের পুরোদমে চালু করতে বর্তমানে কাতার ও তুরস্কের সঙ্গে কাজ করছে তালেবান সরকার। সংবাদমাধ্যম ডেইলি সাবাহর সঙ্গে আলাপকালে তুরস্কে নিযুক্ত ইইউর দূত নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট বলেন, কাবুল এয়ারপোর্ট চালুর যাবতীয় উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানায়।
পঞ্জশিরে বেসামরিক হত্যা করছে তালেবান
আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় অন্তত ২০ বেসামরিক নিহত হয়েছেন বলে এক অনুসন্ধান শেষে জানিয়েছে বিবিসি। সেখানে তালেবানের সঙ্গে বিরোধী বাহিনীগুলোর লড়াইয়ের সময় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এতে অঞ্চলটি থেকে খবর পাঠানো কঠিন হয়ে পড়েছে। তবে সংযমের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তালেবান উপত্যকাটিতে বেসামরিকদের হত্যা করেছে বলে প্রমাণ পেয়েছে বিবিসি।